আগামী দিনে বিশ্ব জুড়ে সংক্রমণ ছড়াতে পারে করোনাভাইরাসের ডেল্টা ধরন, এমন শঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। বিশ্বের প্রায় ১০০ দেশে ভাইরাসের এই প্রজাতির অস্তিত্ব পাওয়া গেছে। সংস্থাটি বলছে, আগামী মাসগুলোতে এটিই হবে করোনার সবচেয়ে সংক্রমিত ধরন।
বৃহস্পতিবার (১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জুন মাসের ২৯ তারিখ ডব্লিউএইচও প্রকাশ করেছে করোনার সর্বশেষ প্রতিবেদন। তার ভিত্তিতেই এই শঙ্কার কথা জানালো সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জুন মাসের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত বিশ্বের ৯৬ দেশে ডেল্টা ধরণের অস্তিত্ব ধরা পড়লেও প্রকৃত সংখ্যাটা ১০০'র ওপরে। ভাইরাসের প্রজাতি চিহ্নিতকরণের জন্য যে পরিকাঠামো প্রয়োজন, তা বহু দেশেই নেই। যার ফলে আসল সংখ্যা সামনে আসছে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেশ কিছু দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে। গুরুতর অসুস্থ হয়ে কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসছে। ডেল্টা প্রজাতির জন্যই যে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, এখন পর্যন্ত চিহ্নিত ধরনগুলোর মধ্যে ডেল্টা ধরনটি সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে। টিকা নেয়নি এমন জনগোষ্ঠীর মধ্যেই এটি দ্রুত ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, আমি জানি বিশ্বব্যাপী ডেল্টা ধরন নিয়ে অনেক উদ্বেগ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
এদিকে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) বলছে, করোনা টিকার দুই ডোজ ডেল্টা ধরনের বিরুদ্ধে সুরক্ষা দিবে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী টিকার দুই ডোজ ডেল্টা থেকে সুরক্ষা দিতে কাজ করছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে করোনায় এক মাসে ১১৩ মৃত্যু
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ০০৬ জন মানুষ। মারা গেছেন ৩৯ লাখ ৭১ হাজার ৬৮৬ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, আর্জেন্টিনা, ইতালি ও কলম্বিয়া।
একাত্তর/আরবিএস