সব যুদ্ধবিমানকে ভূমিতে থাকতে বললো আমেরিকা

উড়তে উড়তে মাঝ আকাশে একটি অত্যাধুনিক যুদ্ধবিমান হারিয়ে যাবার পর দেশ-বিদেশে থাকা যুক্তরাষ্ট্রের সব ধরনের ফাইটার জেটকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাটিতে থাকার নির্দেশ দিয়েছে ইউএস মেরিনস কর্পসের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট জেনারেল এরিক স্মিথ। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, এই আদেশ সোমবার থেকেই কার্যকর হবার কথা রয়েছে। 

সোমবার আমেরিকার সাউথ ক্যারোলিনা রাজ্যের আকাশে উড়ার সময় অত্যাধুনিক একটি স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাবার পরিপেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে ইউএস মেরিনস কপস। তবে দেশের বাইরে থাকা বা বিশেষ মিশনে থাকা যুদ্ধবিমান এই আদেশ দু’দিন বিলম্বিত করতে পারে।

আমেরিকান যুদ্ধবিমান

পেন্টাগন একটি বিবৃতিতে জানিয়েছে, এমন সিদ্ধান্তের অন্যতম কারণ হলো সব যুদ্ধবিমানের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দেখা। সেই সঙ্গে পাইলটদের সঙ্গে পরিচালনা বিষয়ে আলোচনা করা, যাতে করে সবাই একটি সমন্বিত কৌশল ও প্রক্রিয়ার মধ্যে এসব আধুনিক যুদ্ধবিমান চালাতে পারে। সেই সঙ্গে ফাইটারগুলোর পরিচালনা বিষয়ে সর্বোচ্চ মান নিশ্চিত করার বিষয়টিও খতিয়ে দেখা হবে। 

এদিকে, দক্ষিণ ক্যারোলিনার উইলিয়ামসবার্গ কাউন্টি কার্যালয় থেকে জানানো হয়েছে, মাঝ আকাশে হারিয়ে যাওয়া এফ ৩৫-বি লাইটনিং টু জেটের ধ্বংসাবশেষের ক্ষেত্রটি পাওয়া গেছে। সেখানে ইউএস মেরিনস কপস উদ্ধার অভিযান পরিচালনা করছে। এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন ব্রিফিং করেনি পেন্টাগন। জানা গেছে, নিখোঁজ যুদ্ধবিমানটির দাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার।