ক্রিমিয়াতে রুশ নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, দায় নিলো ইউক্রেন

অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে অবস্থিত রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌঘাঁটি বা ব্ল্যাক সি ফ্লিট হেডকোয়ার্টারে চালানো ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। এ হামলায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছে। 

শুক্রবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ নৌঘাঁটিতে "সফলভাবে" আঘাত করা হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কিয়েভ।

ইউক্রেনীয় বিমান বাহিনীর এক সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নৌঘাঁটিতে হামলা চালাতে ইউক্রেন পশ্চিমাদের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

সূত্রটি জানিয়েছে, হামলায় 'স্টর্ম শ্যাডো' বা 'স্ক্যাল্প' ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।  

সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেন, শুক্রবারের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিট হেডকোয়ার্টারের আশেপাশের দশটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি বলেন, হামলায় কোনো বেসামরিক হতাহত হয়নি বা বেসামরিক অবকাঠামো ক্ষয়ক্ষতির মুখে পড়েনি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ হামলায় একজন রুশ সেনা নিহত হয়েছেন। পাশাপাশি তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

এর আগে ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ্বীপের দখল নেয় রাশিয়া।