সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানকে সহযোগিতার ঘোষণা ইরানের

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।  

শনিবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কাছে পাঠানো এক বার্তায় এ কথা জানান জেনারেল বাকেরি। খবর মিডিল ইস্ট মনিটরের। 

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান ও উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শুক্রবারের আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়ে ওই বার্তা পাঠান জেনারেল বাকেরি। 

তিনি বলেন, যারা ওই হামলা চালিয়েছে তারা বর্বর, ইসলাম ও মানবতার শত্রু। ওই দুই হামলায় অন্তত ৬০ জন নিহত ও ৭০ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন।

পাকিস্তানের সেনাবাহিনী, পুলিশ ও বিচার বিভাগের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বর্বরোচিত হামলায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দেখা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন জেনারেল বাকেরি।

এদিকে শুক্রবার রাতে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি পাকিস্তানের প্রধানমন্ত্রী আরিফ আলভিকে পাঠানো এক বার্তায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান। 

এর আগে স্থানীয় সময় শুক্রবার পাকিস্তানের দুটি প্রদেশে আলাদা আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়। আহত হয়েছে অন্তত শতাধিক মানুষ। 

বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত একটি মিছিলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়। আহত হয় অর্ধশতাধিক মানুষ। 

ওই হামলার কয়েক ঘণ্টা পরে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু শহরের একটি মসজিদে আরেকটি বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং ১২ জন আহত হয়।

এখন পর্যন্ত কোনো সংগঠন এসব হামলার দায় স্বীকার করেনি।