ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সাথে লড়াইয়ে ইসরাইলকে ‘অতিরিক্ত সহায়তা’ দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, ‘দ্রুতই এই সহায়তা ইসরাইলকে’ দেওয়া হবে।
সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে ব্লিনকেন বলেন, ইসরাইলিরা যে সুনির্দিষ্ট বিশেষ অনুরোধ জানিয়েছে আমরা তা দেখছি। আমি মনে করি আজ আরও পরের দিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামাসের আক্রমণ মোকাবিলা করার জন্য এই মুহূর্তে ইসরাইলে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনা রয়েছে। যুক্তরাষ্ট্র নিখোঁজ ও মৃত আমেরিকানদের রিপোর্ট পেয়েছে। প্রশাসন এই বিষয়ে তথ্য যাচাইবাছাইয়ের জন্য অনবরত কাজ করে চলছে।
মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টায় ব্যাঘাত ঘটানোর উদ্দেশে হামাস হামলা চালিয়ে থাকতে পারেও বলে মন্তব্য করেছেন ব্লিনকেন।