ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আল কাসাম ব্রিগেড তাদের হাতে বন্দি ইসরাইলিদের হত্যার হুমকি দিয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, ইসরাইল যদি গাজায় বোমাবর্ষণ ও বেসামরিক নাগরিকদের হত্যা অব্যাহত রাখে তবে ইসরাইলি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।
এদিকে, হামাসের হাতে শতাধিক ইসরাইলি নাগরিক বন্দী রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী এলি কোহেন। তিনি বলেছেন, আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি, ১০০ জনের বেশি ইসরাইলিকে অপহরণ করে বন্দী বানিয়ে গাজায় নিয়ে যাওয়া হয়েছে।
হামাসের এই সামরিক শাখার একজন মুখপাত্র আবু ওবেদা বলেছেন, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়া যদি নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়, তাহলে আমাদের হেফাজতে থাকা একজন বন্দির মৃত্যুদন্ড কার্যকর করবো। এবং তা প্রচার করবো।
তিনি বলেন, আমরা এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত। কিন্তু আমরা এর জন্য ইহুদিবাদী শত্রু এবং তাদের নেতৃত্বকে দায়ী করি।
ইসরাইলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে গাজায় ইসরাইলি বন্দিদের ক্ষতি হলেও তাদের বিমান হামলা অব্যাহত থাকবে।
ইসরাইলি সেনাবাহিনী বলেছেন, তারা গাজাায় শক্তিশালী এবং ব্যাপকভাবে আক্রমণ চালাবে।
তারা আরও বলেছে, হামাসের হাতে বন্দিদের অবস্থান সম্পর্কে সঠিক গোয়েন্দা তথ্য থাকলে, তবেই তারা সেই অবস্থানে হামলা করা থেকে বিরত থাকবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ধরনের তথ্য না পাওয়া যাচ্ছে, ততক্ষণ হামাসের সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।