ইসরাইলের পাশে থাকবে ভারত: মোদি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরাইলের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুদ্ধের খবরাখবর জানাতে ফোন করেন দেশটির ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় তাকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে নরেন্দ্র মোদী এ তথ্য জানিয়েছেন।

মোদি লিখেছেন, ‘‘পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়েছি। জানিয়েছি, এই কঠিন সময়ে ভারতবাসী দৃঢ় ভাবে ইসরাইলের পাশে রয়েছে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় সমস্ত ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করছে।”

২০১৭ সালে ইসরাইল সফরের সময় থেকেই মোদির সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকাশ্যে মোদীকে ‘দোস্ত’ বলেও সম্বোধন করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। মোদিকে ‘বিপ্লবী নেতা’ হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। ২০১৮ সালে নেতানিয়াহুর ভারত সফরের সময় যৌথ বিবৃতিতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের’ অঙ্গীকার করেছিলো নয়াদিল্লি এবং তেল আবিব।