ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। যাত্রাবাহী ট্রেনটি আসাম রাজ্যের কামাখ্যার দিকে যাচ্ছিলো।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৯টায় দিল্লির আনন্দবিহার টার্মিনাল থেকে ছেড়ে আসা নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চুবে এনডিটিভিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জাতীয় ও রাজ্য পর্যায়ের দুর্যোগ বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। চিকিৎসার জন্য আহতদের বিহারের রাজধানী পাটনার অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, তিনি রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং বক্সার ও ভোজপুরের জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের ঘটনাস্থলে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কার্যালয় জানিয়েছে, আসাম সরকার বক্সার জেলা প্রশাসন ও ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে।
দুর্ঘটনার পরই ওই লাইনে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।