অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবার, পানি ও ওষুধ নিয়ে আরও ১০টি ট্রাক প্রবেশ করেছে। এ বহরে ১০ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিমের পাশাপাশি একজন অস্ত্র বিশেষজ্ঞও রয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মিশর-গাজা সীমান্তের রাফা ক্রসিং দিয়ে এসব ত্রাণ সহায়তা গাজায় প্রবেশ করেছে।
ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) এক বিবৃতিতে জানিয়েছে, এ বহরে তাদের ছয়টি ট্রাক রয়েছে। এসবে করে ওষুধ ও সার্জারি কিট পাঠানো হয়েছে। এছাড়াও ৫০ হাজার লিটার পানি বিশুদ্ধ করার মতো ক্লোরিন ট্যাবলেটও রয়েছে ট্রাকে।
সংস্থাটি বলছে, আঘাতের তীব্রতার ওপর নির্ভর করে এক হাজার থেকে পাঁচ হাজার গাজাবাসীকে চিকিৎসা দিতে পারবে তারা।
গেলো ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল-হামাস সংঘর্ষের পর এ নিয়ে মোট ৮৪টি ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে গাজায় প্রবেশ করলো।
তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় বসবাসকারী ২০ লাখেরও বেশি মানুষের চাহিদা মেটাতে প্রতিদিন কমপক্ষে ১০০টি ত্রাণ ট্রাকের প্রয়োজন। কিন্তু দখলদার ইসরাইল সে সুযোগ দিচ্ছে না। ফলে গাজায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।