বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
শনিবার ঢাকায় রাজনৈতিক সহিংসতার প্রতিক্রিয়ায় ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক বার্তায় তিনি এ নিন্দা জানান।
ওই বার্তায় তিনি বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।
একই সঙ্গে তিনি বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেয়ার, যে ঘটনাগুলোর খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়, যেমন নয় সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহবান জানাই।
তিনি আরও বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সব সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করবো।