ইরানে মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন, নিহত ৩২

ইরানের উত্তরাঞ্চলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ আগুনে ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৭ জন। 

দেশটির বিচার বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার উত্তরাঞ্চলের গিলান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।  

বিচার বিভাগের ‘মিজান অনলাইন নিউজ’ ওয়েবসাইট প্রাদেশিক প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘির উদ্ধৃতি দিয়ে বলেছে, তেহরানের উত্তরে গিলান প্রদেশের নগরী ল্যাঙ্গারদ-এর একটি মাদক পুনর্বাসন শিবিরে আগুন লাগলে হতাহতের এ ঘটনা ঘটে। 

অনলাইনটি আরও জানায়, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ১৭ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। 

তবে কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার না হলেও প্রাদেশিক প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি জানিয়েছেন, রিপোর্টের ভিত্তিতে ‘তদন্ত চলছে’। ওই কেন্দ্রে ৪০ জন লোক থাকার মতো ব্যবস্থা ছিলো।