অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ৬০ জনেরও বেশি ইসরাইলি বন্দি নিখোঁজ হয়েছেন। ইসরাইলি বাহিনীর লাগাতার বিমান হামলার কারণেই তারা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি বিমান হামলায় ৬০ জনেরও বেশি বন্দি নিখোঁজ হয়েছেন, গাজার নির্বাচিত সরকার হামাসের সশস্ত্র শাখা শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত মাসের শেষের দিকে হামাস দাবি করেছিল, গাজায় ইসরাইলি হামলায় তাদের হাতে বন্দিদের মধ্যে আনুমানিক ৫০ জন নিহত হয়েছেন।
ইজ এল-দ্বীন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হামাসের টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছেন, যে ৬০ জন ইসরাইলি নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে ২৩ জনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
তিনি আরও বলেন, গাজার বিরুদ্ধে ইসরাইলের ক্রমাগত নৃশংস আগ্রাসনের কারণে আমরা কখনই তাদের কাছে পৌঁছাতে পারবো না বলে মনে হচ্ছে।
রয়টার্স বলছে, তাৎক্ষণিকভাবে হামাসের এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরাইলের সামরিক বাহিনী।
এর আগে গত বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তা জানান, হামাসের হাতে আটক বন্দিদের খোঁজে যুক্তরাষ্ট্র গাজায় নজরদারি ড্রোন ব্যবহার করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি ওয়াশিংটন।
গেলো ৭ অক্টোবর দখলদার ইসরাইলে এ দশকের সবচেয়ে বড় আক্রমণ চালায় হামাস। এসময় ইসরাইল থেকে ২৩৯ জনের বেশি মানুষকে আটক করে গাজায় নিয়ে যায় সংগঠনটি।
হামাসের দাবি, ইসরাইলের হাতে বন্দি থাকা হাজার হাজার ফিলিস্তিনি নাগরিকদের ফিরিয়ে দেয়া দেয়ার পরই ইসরাইলি বন্দিদের মুক্তি দেয়া হবে। যদিও মানবিক কারণে এরইমধ্যে চার বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে হামাস।