গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গণহত্যা শুরুর পর থেকে বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটির নাগরিকরা। তাদের বিরুদ্ধে বিশ্বের নানা দেশে চলমান বিক্ষোভ বৃদ্ধির কারণে ইসরাইলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নাগরিকদের বিদেশ ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার আহবান জানিয়েছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, শুক্রবার এই সতর্কতা জারি করা হয়েছে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল ছাড়ার আগে নাগরিকদের ভ্রমণ পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে চিন্তা করা উচিত এবং দেশের বাইরে থাকাকালীন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো, উত্তর ককেশাস এবং ইরানের সীমান্তবর্তী দেশগুলোতে ইসরাইলি নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়াসহ ইউরোপের একাধিক দেশে ইসরাইল ও দেশটির নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এসব দেশ থেকে ইসরাইলি নাগরিকদের নাগরিকত্ব (দ্বৈত নাগরিকত্ব) বাতিলের দাবিও তুলেছে।
সবশেষ গেলো রোববার ইসরাইলের তেল আবিব থেকে একটি ফ্লাইট রাশিয়ার দাগেস্তান অঞ্চলের বিমানবন্দরে অবতরণের আগেই সেখানে বিক্ষোভ শুরু করে রুশ শত শত নাগরিক। অনেকেই ঢুকে পড়ে বিমানবন্দরের রানওয়েতে। পরে স্থানীয় পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে বের হন ইসরাইলের বেশ কয়েকজন নাগরিক।
ওই ঘটনার পর এক বিবৃতিতে তেল আবিব বলেছে, যেকোনো জায়গায় ইসরাইলি নাগরিক এবং ইহুদিদের ক্ষতি করার চেষ্টাকে গুরুত্ব দিয়ে দেখছে দেশটি।
নেপালে ভূমিকম্পে নিহত বেড়ে ১৫৪