গাজায় রাতভর ইসরাইলি হামলা, বাড়ছে হতাহতের সংখ্যা

আরও একটি ভয়াবহ রাত কাটালো গাজাবাসী। উপত্যকাজুড়ে রাতভর বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি। এসব হামলায় হতাহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪,০০৮ জনের বেশি শিশু নিহত হয়েছে। মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৭৭০ জনে। এছাড়া আহত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে হামলার আগে আবারও গাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় ইসরাইল। 

অবরুদ্ধ গাজার আল-জাওয়াইদা অঞ্চলে রোববার রাতে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় আরও দুইজন নিহত হয়েছেন। 

গাজায় রাতভর বিমান হামলা। গাজায় রাতভর বিমান হামলা।

আল-জাওয়াইদা ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণে দেইর আল-বালাহ এবং উত্তরে নুসিরাত এবং বুরেজ শরণার্থী শিবিরের মধ্যবর্তী অংশে অবস্থিত। সেখানে যুদ্ধ শুরুর পর সবচেয়ে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এমনটাই দাবি করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

অন্যদিকে দক্ষিণ গাজার রাফা শহরের তাল আল-সুলতান এলাকায় হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজা উপত্যকার উত্তরে বেশ কয়েকটি হাসপাতালের আশপাশেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

রোববার সন্ধ্যায় হামাস সরকারের মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ বলেন, এক ঘণ্টারও বেশি সময় ধরে হাসপাতালের আশেপাশে তীব্র হামলা চলছে। বিশেষ করে ফিলিস্তিনির বৃহত্তম হাসপাতাল আল শিফা এর আশেপাশে হামলা হয়েছে।