ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তার দেশ নীতিগত কারণে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি সংগঠনগুলোকে সহযোগিতা করে যাবে।
সম্প্রতি গাজার নির্বাচিত সরকার ও রাজনৈতিক সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দিয়েছেন।
ইসমাইল হানিয়া বর্তমানে কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের দায়িত্বে রয়েছেন। গাজায় ইসরাইলি আগ্রাসনের মধ্যেই গত সপ্তাহে তিনি তেহরান সফরে এসে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ওই সাক্ষাতের খবর প্রকাশিত হলেও সেখানে দুই নেতার মধ্যে কী আলোচনা হয়েছে সেকথা জানানো হয়নি। তবে রোববার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা ওই সাক্ষাতের কিছু বিষয়বস্তু প্রকাশ করেছে।
ইরনায় প্রকাশিত খবর অনুযায়ী, সাক্ষাতে খামেনি বলেন, দখলদারদের প্রতিহত করার কাজে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিগুলোকে সহযোগিতা করা ইরানের স্থায়ী নীতি।
তিনি আরও বলেন, গাজার বিরুদ্ধে চলমান পাশবিক হামলায় ইসরাইল আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের সরাসরি সাহায্য পাচ্ছে।
গাজায় ইসরাইল সরকারের অপরাধযজ্ঞে মার্কিন যুক্তরাষ্ট্র ও সুনির্দিষ্ট কিছু পশ্চিমা সরকার সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন খামেনি।
এসময় ইরানের সর্বোচ্চ নেতাকে গাজার সর্বশেষ খবর, উপত্যকায় দখলদার ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের স্বরূপ এবং পশ্চিম তীর পরিস্থিতি ব্যাখ্যা করেন ইসমাইল হানিয়া।