হংকংয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে ছয় স্কুল শিক্ষার্থীসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। 'জাতীয় নিরাপত্তা আইনে' গ্রেপ্তারকৃত এই নয়জনের বয়স ১৫ থেকে ৩৯ এর মধ্যে বলে জানিয়েছে চীন নিয়ন্ত্রিত শহরটির পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) হংকং পুলিশের বরাতে সংবাদমাধ্যম বিবিসি জানায়, সন্দেহভাজন এই নয়জন শহরটির টানেল, আদালত ভবন, যোগাযোগ নেটওয়ার্ক ও সড়কে হামলার পরিকল্পনা করছিল। বোমা বানানোর জন্য তারা একটি হোটেল কক্ষও ভাড়া নিয়েছিল।
হংকং পুলিশের দাবি, সন্দেহভাজনরা যে হোটেল কক্ষ ভাড়া নিয়েছিল, সেখান থেকে ট্রাইসেটন ট্রাইপারঅক্সাইড (টিএটিপি) উদ্ধার করা হয়েছে। যা শক্তিশালী বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রাখে। কক্ষটি বোমা বানানোর ল্যাবরেটরি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তাদের কাছ থেকে ৭৭ হাজার ডলারও জব্দ করা হয়েছে।
পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেন্ডেন্ট লি কোয়াই ওয়াহ জানান, গ্রেপ্তারকৃতরা ক্রস-হারবার টানেল, রেলওয়ে, আদালত কক্ষসহ হংকংয়ের বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। তারা সড়কের আবর্জনা রাখার বিনেও বোমা রাখতে চেয়েছিল, যেন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি করা যায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয় স্কুল শিক্ষার্থীর বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। তবে 'জাতীয় নিরাপত্তা আইনে' কেউ দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
আরও পড়ুন: রাশিয়ায় নিখোঁজ বিমানের সব যাত্রী নিহত
একাত্তর/এসজে/আরবিএস