ইসরাইলি সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে মুসলিম দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যার ঘটনায় শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম নেতৃবৃন্দের সম্মেলনে রাইসি এ আহবান জানান।
গেলো ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা অব্যাহত থাকায় আরবলিগ ও ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) এ জরুরি বৈঠকের আয়োজন করে। খবর আনাদুলু এজেন্সির।
সম্মেলনে রাইসি বলেন, মুসলিম দেশের সরকারগুলোর উচিত দখলদার ও আগ্রাসী ইসরাইল সরকারের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করা।
যেসব দেশের সাথে ইসরাইলের সম্পর্ক রয়েছে তা ছিন্ন করতে এবং ফিলিস্তিনিদের প্রতি আরও সমর্থন দেয়ার পাশাপাশি জ্বালানিসহ দখলদার ইসরাইলের বিরুদ্ধে বাণিজ্য বয়কটের আহবান জানান তিনি।
তিনি বলেন, জায়নবাদী শাসনের যুদ্ধযন্ত্র এবং এর জ্বালানি উভয়ই মার্কিনিদের অন্তর্গত। নিঃসন্দেহে মার্কিন সরকার এই অপরাধের কমান্ডার এবং প্রধান সহযোগী।
চলতি বছরের মার্চ মাসে ইরান ও সৌদি আরব সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার পর এ প্রথম রিয়াদ সফর করছেন রাইসি।