গাজায় যুদ্ধের প্রতিবাদে এমআইটি’তে লেকচার থামালেন শিক্ষার্থী

নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে গিয়ে শিক্ষকের লেকচার থামিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক শিক্ষার্থী। এই ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক হারে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিওতে দেখা যায়, গণিতের ক্লাস নিচ্ছিলেন একজন অধ্যাপক। এ সময় ক্লাসের একজন শিক্ষার্থী ডানপাশে দাঁড়িয়ে ছিলেন। তখন সে কিছু বলতে চাচ্ছিলেন। ওই অধ্যাপক লেকচার শেষ করার সময় চান, কিন্তু তাতে ওই শিক্ষার্থী রাজি হয়নি।

পরে অধ্যাপক নিজ থেকেই লেকচার থামিয়ে দিয়ে শিক্ষার্থীকে বলার সুযোগ দেন। ওই শিক্ষার্থী এক টুকরো কাগজ বের করে বলেন, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে, যা আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু, এই ব্যাপারে এমআইটি নীরব। আমি ফিলিস্তিনের ওপর গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি। 

শিক্ষার্থীটি নিজেকে ফিলিস্তিনপন্থী দাবি করে বলেন, প্রতিদিন ক্লাস থেকে বের হয়ে তিনি অনেকের সঙ্গে কথা বলেছেন গাজার পরিস্থিতি নিয়ে। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আন্দোলন করছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং এমআইটি ইসরাইলকে একের পর সমর্থন দিয়ে যাচ্ছে।

পরে শিক্ষার্থীটি একটি ফিলিস্তিন পতাকা তুলে ধরে শ্লোগান দিতে থাকেন। এ সময় তার শ্লোগানের সাথে গলা মিলিয়েছেন আরও কয়েক শিক্ষার্থী। প্রতিবাদকারী শিক্ষার্থীটি আরও অভিযোগ করেন, ফিলিস্তিনে গণহত্যার পেছনে এমআইটি, ইসরাইল ও যুক্তরাষ্ট্রে ষড়যন্ত্র রয়েছে।