রুশ হামলায় ইউক্রেনের চার শতাধিক অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন

রাশিয়ার চালানো ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং উত্তরাঞ্চলের চার শতাধিক শহর-গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

শনিবার ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে ইউক্রেনের অবকাঠামোগত বহু স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে করে বহু শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে।

জ্বালানি মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের চাহিদা মেটাতে সিস্টেমে পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে কিন্তু ড্রোন হামলার কারণে গ্রিডের ক্ষতি হয়েছে। এ কারণে দেড় হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় সতর্ক করে বলেন, শীতের সময় যতই এগিয়ে আসছে, রাশিয়ানরা ততই তাদের হামলা জোরদার করছে। 

গত শীত মৌসুমেও রাশিয়ার নিক্ষেপ করা শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।