গাজায় নিহত ১৩ হাজার ছাড়ালো, নিখোঁজ ছয় হাজারের বেশি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় নিহতের ১৩ হাজার ছাড়িয়েছে। ৩০ হাজার আহতের পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ছয় হাজার ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার এসব তথ্য দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১৩ হাজার ফিলিস্তিনির মধ্যে পাঁচ হাজার ৫০০ জন শিশু এবং তিন হাজার ৫০০ নারী।

ইসরাইলি হামলায় গেলো এক মাসে গাজায় ৮৩টি মসজিদ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৬টি। এসময় তিনটি গির্জাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়া ৪৩ হাজারের বেশি আবাসন ইউনিট সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তিন লাখ ভবন। 

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় এরইমধ্যে ২৫টি হাসপাতাল এবং ৫২টি স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ইসরাইলি বাহিনী ৫৫টি অ্যাম্বুলেন্সেও হামলা চালিয়েছে। 

এর আগে গেলো ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় হামলা শুরু করে ইসরাইল। এক মাসেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। ইসরাইলি হামলা ও অবরোধে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পানি, খাদ্য এবং অন্যান্য মৌলিক সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে গাজার বাসিন্দারা।