আল-শিফার পরিচালক ও জ্যেষ্ঠ চিকিৎসকদের ধরে নিয়ে গেছে ইসরাইল

যুদ্ধবিরতি আর বন্দি বিনিময় চুক্তি নিয়ে হামাস-ইসরাইলের মধ্যে যখন আলোচনা চলছে, ঠিক সে সময় গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক ও বেশ কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসককে গ্রেপ্তার করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে গ্রেপ্তারের পর তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।   

আল-শিফা হাসপাতালের বিভাগীয় প্রধান খালিদ আবু সামরার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। 

খালিদ আবু সামরা জানান, বৃহস্পতিবার আল-শিফার পরিচালক মুহাম্মদ আবু সালমিয়াসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসককে গ্রেপ্তার করেছে ইসরাইল। 

ইসরাইলি ব্রডকাস্টিং অথরিটি এবং সালমিয়ার চাচাতো ভাই আদম আবু সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) এর সত্যতা নিশ্চিত করেছেন। 

আল-শিফা হাসপাতালে ইসরাইলি অভিযান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, চিকিৎসকরা যখন রোগীদের সাথে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) একটি কনভয়ে ছিলেন, ঠিক সে সময় ইসরাইলি বাহিনী তাদের গ্রেপ্তার করে। 

এ বিষয়ে ডাব্লিউএইচওর কাছে ব্যাখ্যা চেয়েছে গাজার হামাস সরকার। একইসাথে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং গ্রেপ্তার চিকিৎসকদের মুক্তির দাবি জানিয়েছে হামাস।

এর আগে বুধবার দুই ফিলিস্তিনি প্যারামেডিককে গ্রেপ্তার করেছিল ইসরাইল। তাদের বিষয়েও কিছু জানায়নি তেল আবিব।