ভারতের স্বার্থেই ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক ও অস্ত্র বাণিজ্য চান রাহুল গান্ধী

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনা ও গণহত্যার অভিযোগের মধ্যেও দেশটির সঙ্গে ভারতের সুসম্পর্ক ও অস্ত্র বাণিজ্য অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রনীতি অন্য দেশের স্বার্থের ভিত্তিতে নয়, বরং নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনায় নির্ধারণ করা উচিত।

বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পেপের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন রাহুল গান্ধী। তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি।

আলোচনায় রাহুল গান্ধী বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি। ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়টি আমি পুরোপুরি সমর্থন করি।’

ভারতের সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র কেনার ক্ষেত্রে দেশটির নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। অন্য দেশের অগ্রাধিকারের ভিত্তিতে ভারতের পররাষ্ট্রনীতি পরিচালিত হওয়া উচিত নয় বলেও জানান তিনি। ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রাখার পেছনে ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে বলে যুক্তি দেন রাহুল।

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত সমালোচনা করলেও ২০২৩ সালের সাত অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলার নিন্দা জানান তিনি। রাহুল বলেন, বেসামরিক মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ‘আমরা অনেক বড় একটি দেশ। আমাদের জনসংখ্যা ১৫০ কোটি। আমাদের পররাষ্ট্রনীতি অন্যদের জন্য কী ভালো, তার ভিত্তিতে নয়, বরং আমাদের জন্য কী ভালো, তার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলোচনার ভিডিও প্রকাশ করেন রাহুল গান্ধী। সেখানে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নিজস্ব স্বার্থকে গুরুত্ব দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

রাহুলের বক্তব্যের দিনই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তির ঘোষণা দেয়। ভারতীয় নৌবাহিনীর জাহাজে থাকা বারাক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা উন্নত করার জন্য এ চুক্তি করা হয়েছে। গত ১৮ নভেম্বর সই হওয়া চুক্তিতে হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নয়ন এবং মেয়াদোত্তীর্ণ যন্ত্রাংশ ব্যবস্থাপনার বিষয় রয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলের বক্তব্যের সময়টি ভারতের রাজনৈতিক অঙ্গনে ইসরায়েলের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার গভীরতা তুলে ধরেছে।

চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরায়েলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইটের কাছ থেকে ফোনের নিরাপত্তাব্যবস্থা ভাঙার একটি প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন। কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্যের ইসরায়েলি ফোন থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনা নিয়েও উদ্বেগ জানিয়েছেন অধিকারকর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় অধিকারকর্মী মিডল ইস্ট আইকে বলেন, রাহুল গান্ধী নিজের বক্তব্যের মাধ্যমে স্ববিরোধিতা করছেন। তার মতে, একদিকে রাহুল ভারতের স্বার্থকে পররাষ্ট্রনীতির ভিত্তি করার কথা বলছেন, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান নিচ্ছেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ ঝা বলেন, সাত অক্টোবরের হামলার সঙ্গে গণহত্যার তুলনা করা আপত্তিকর। ভারত ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনে এবং দুই দেশের সম্পর্ক ভালো, এগুলো বাস্তবতা। তবে তার মতে, এ ধরনের অস্ত্র কেনা শান্তির জন্য ক্ষতিকর। রাহুল গান্ধীর সেটিই বলা উচিত ছিল।

ইসরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে ভারত। ২০২৬ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যুদ্ধ শুরুর কিছুদিন আগে ইসরায়েল সফর করেন মোদি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময়ে দুই দেশের সম্পর্কের প্রশংসা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা ও বৈধতা নিয়ে প্রশ্নের মুখে পড়লেও ভারতে ইসরায়েলের প্রতি ‘অবিশ্বাস্য সমর্থন’ রয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি।

ছবি:সংগৃহীত

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জুলাই মাসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে অন্তত দুই হাজার ৫৯৬টি চালানে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের যন্ত্রাংশ পাঠানো হয়েছে। এসব চালানে কামানের গোলা, মেশিনগানের যন্ত্রাংশ, বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যানের যন্ত্রাংশ ছিল।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, গাজায় আন্তর্জাতিক অপরাধ সংঘটনের বিষয়ে ক্রমবর্ধমান প্রমাণ থাকা সত্ত্বেও ভারতে তৈরি সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানো অব্যাহত রাখলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহযোগিতার দায়ে ভারত আইনি জটিলতায় পড়তে পারে।

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে কংগ্রেসের কয়েকজন নেতা মোদি সরকারের অবস্থানের সমালোচনা করলেও দলটি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানায়নি। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় ভারতের যোগ দেওয়ার দাবিও জানায়নি দলটি।

১৯৯২ সালের জানুয়ারিতে কংগ্রেস নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের সরকারের আমলে ভারত ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তবে এর আগে থেকেই দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ চলছিল।

রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী ১৯৮০-এর দশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ধীরে ধীরে এগিয়েছিলেন। ১৯৮৫ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে এটিকে নেতাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ্য যোগাযোগ হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধীর আমলে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্ক গড়ে ওঠে।

সূত্র: মিডল ইস্ট আই

একাত্তর/কেআই
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থেকেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের...
ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের...
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে শতাংশের...
মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ প্রকাশনা অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের এক বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল...
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো...
কিডনি রোগে আক্রান্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়ে ভালোবাসা, ত্যাগ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর গলাচিপার মেয়ে মন্দিরা রানী পাল।
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের...
ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। আগামী মঙ্গলবার থেকে আকাশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর