এবার ১৩ ইসরাইলি নাগরিককে মুক্তি দিলো হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চারদিনের যুদ্ধবিরতির প্রথমদিনে এবার ১৩ ইসরাইলি নাগরিককে মুক্তি দিয়েছে হামাস সরকার। 

ইসরাইলি সেনাবাহিনীর বরাতে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। 

ইসরাইলের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, মিশর সীমান্ত দিয়ে ইসরাইলে প্রবেশ করেছে ওই ১৩ বন্দি। তাদের ইসরাইলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 

তবে মুক্তি পাওয়া ইসরাইলি নাগরিকদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। 

ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তি পাওয়া নাগরিকদের বরণ করে নিতে প্রস্তুত তাদের পরিবার ও স্বজনরা। 

অন্যদিকে বন্দিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিম।

এর আগে শুক্রবার আরও ১২ জন থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস সরকার। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে যুদ্ধবিরতির চুক্তির আওতায় ইসরাইলের হাতে জিম্মি থাকা অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। 

এর আগে গত ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এসময় প্রায় ২৫০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস।