বহির্বিশ্বের কাছে চীনের দরজা আরও প্রশস্ত হচ্ছে। প্রথমবারের মতো কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিতে যাচ্ছে- চীন। মালয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেন- এই ছয় দেশের নাগরিকদের পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দিচ্ছে চীন। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানিয়েছে, এ সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর থেকে আগামী বছরের নভেম্বর পর্যন্ত এই ছয় দেশের পাসপোর্টধারী যেকোনো নাগরিক ব্যবসায় কিংবা পর্যটক হিসেবেও চীন ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই। তবে এ ক্ষেত্রে তারা চীনে অবস্থান করতে পারবেন সর্বোচ্চ ১৫ দিন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীনে উচ্চ-মানের উন্নয়ন সাধন এবং উন্মুক্ততার পথে নতুন এই ভিসা নীতি সহায়ক হবে। মূলত এর মাধ্যমে পারস্পরিক বোঝাপড়ায় আগ্রহ তৈরি করতে চায়। এছাড়া, বিদেশি পর্যটকদের আকৃষ্ট এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ নিয়েছে চীন।
এতদিন পর্যন্ত চীনে প্রবেশের জন্য প্রায় সব দেশের নাগরিকেরই ভিসা লাগত। কেবল ব্যতিক্রম ছিল সিঙ্গাপুর ও ব্রুনেই। ব্যবসায়, পর্যটন কিংবা ট্রানজিটসহ যে কোনো উদ্দেশে এই দুই দেশের নাগরিকরা ১৫ দিন ভিসা ছাড়াই চীনে অবস্থান করতে পারতেন। সেই তালিকায় এবার যুক্ত হলো আরও ছয় দেশ।
চীনের বন্ধ সীমান্ত খুলে দেয়ার পথে এ এক নতুন ভিসামুক্ত নীতি। চীন যে আন্তর্জাতিকভাবে এই দেশগুলোর সঙ্গে আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ায় আগ্রহ তৈরি করতে চায়, সে অভিপ্রায়ই সামনে এসেছে ভ্রমণ প্রক্রিয়া সহজ করার এই পদক্ষেপের মাধ্যমে। তাছাড়া বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং দেশের অর্থনীতিকে চাঙা করতে ব্যবসায়িক কাজে চীনে মানুষের ভ্রমণ সহজ করার চেষ্টা হিসাবেও দেখা হচ্ছে।