ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন বাড়লো। আগের শর্তেই যুদ্ধবিরতি হয়েছে বলে জানিয়েছে কাতার।
বৃহস্পতিবার যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি আরো একদিন বাড়ানো হয়েছে। আল জাজিরার খবর।
ইসরাইলের পক্ষ থেকেও জানানো হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যেও বন্দিদের মুক্তি দেওয়া হবে। কাতার জানিয়েছে, প্রতিদিন হামাস ১০ জন করে পণবন্দিকে ছাড়বে এবং ইসরাইল ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। আর এই সময়ের মধ্যে কেউ কোনো সামরিক অভিযান চালাবে না। গাজায় ত্রাণ ঢুকতে দেওয়া হবে।
দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতার জানিয়েছে, বুধবার হামাস যে ১০ জন ইসরায়েলিকে ছেড়েছে, তাদের মধ্যে তিনজন জার্মানির নাগরিকও রয়েছে। একজন ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। একজন ইসরায়েলের পাশাপাশি ডাচ নাগরিক।