প্যারিসে ছুরিকাঘাতে জার্মান পর্যটক নিহত, আহত দুই

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক জার্মান পর্যটক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে আইফেল টাওয়ারের কাছে কেহ দো গ্রেনেলায় পর্যটকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

প্যারিস পুলিশ বলছে, এ ঘটনায় ২৬ বছর বয়সী এক ফরাসি তরুণকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। 

ওই হামলাকারীকে একজন মানসিক রোগী উল্লেখ করে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। 

এদিকে ফ্রান্সের 'সন্ত্রাসবিরোধী' প্রসিকিউটরের কার্যালয় বলেছে, এ বিষয়ে তাদেরকে এখনও তদন্তের দায়িত্ব দেয়া হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন জানান, এর আগে ২০১৬ সালে আরেকটি হামলার পরিকল্পনার অভিযোগে ওই ব্যক্তিকে চার বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এই হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।