লেবাননের শিয়াপন্থি সংগঠন হিজবুল্লাহর প্রভাবশালী নেতা নাবিল কাউক বলেছেন, একশ' দিন যুদ্ধ করার পরও গাজায় কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না ইসরাইল।
বৃহস্পতিবার হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের এই সদস্য সাংবাদিকদের একথা বলেন। খবর পার্সটুডে'র।
ইসরাইলের সঙ্গে হামাস যোদ্ধাদের চলমান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ইসরাইল দুই মাসে গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
তিনি আরও বলেন, গাজা একা নয়। প্রতিরোধ সংগ্রামীরা গাজাকে একা ছেড়ে দেবে না। এ প্রসঙ্গে তিনি গাজার সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধ, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, সাগরে প্রতিরোধ এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করার কথা উল্লেখ করেন।
এ হিজবুল্লাহ নেতা বলেন, লেবাননের প্রতিরোধ সংগ্রামীরা গাজার সমর্থনে প্রথম থেকেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে, হিজবুল্লাহ এক চোখ নিবদ্ধ রেখেছে দক্ষিণ লেবাননে আরেক চোখ গাজায়।
হিজবুল্লাহ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, গাজায় আগ্রাসনের অর্থ হচ্ছে লেবাননে আগ্রাসন চালানো। বিষয়টি এভাবেই দেখে হিজবুল্লাহ।
এর আগে ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় অভিযান চালায় গাজার হামাস সরকার। জবাবে গাজায় গণহত্যা শুরু করে ইসরাইল। এর পরপরই ফিলিস্তিনের সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। এরপর থেকে ইসরাইলে একাধিকবার হামলা চালিয়েছে দলটি।