কথায় বলে, রাখে আল্লাহ মারে কে। দখলদার ইসরাইলি বিমান হামলা থেকে অলৌকিকভাবে রক্ষা পেলো এক ফিলিস্তিনি শিশু। গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে ইসরাইলি বিমান হামলার পর উদ্ধারকারী দল সেখানের একটি ধ্বংসস্তূপ থেকে একটি শিশুকন্যাকে জীবিত উদ্ধার করেছে।
অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটির নাম মরিয়ম আবু আকেল। ধ্বংসস্তুপের ভেতরে শিশুর কান্না শুনতে পেয়ে উদ্ধারকারীরা হাতের সাহায্যে ধ্বংসস্তুপ সরিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর শিশু মরিয়মকে দ্রুত কাছের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলি বিমান হামলার সময় শিশুটি তার পরিবারের সাথে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলো। হামলায় তার মা ও বোন নিহত হরেও, তার বাবা ও ছোট ভাই বেঁচে যান। হামাসের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, সেই বিমান হামলায় ৩০ জন নিহত ও ৫৫ জন আহত হয়।
এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানায়, এর আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় ১৮৭ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫০৭ জনে। বিমান ও ট্যাংক হামলায় ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিন দিন ধরে গাজার মধ্যাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বিমান থেকে বোমা হামলার পাশাপাশি সাঁজোয়া যান ও ভারী অস্ত্র নিয়ে বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরে গোলাবর্ষণ করা হচ্ছে। হামলায় মধ্য গাজায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, কিছু জায়গায় হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক লড়াই চলছে।