পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) তিন সদস্য নিহত হয়েছে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার পিটিআই প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালত ১০ বছরের কারাদণ্ড দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ হামলা ঘটনা ঘটে।
বালুচ পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তেহরিক-ই-ইনসাফের একটি রাজনৈতিক সমাবেশ শেষে এক বিস্ফোরণে চারজন নিহত হয়েছে।
এক ভিডিও বার্তায় পিটিআইয়ের বেলুচিস্তানের প্রাদেশিক সাধারণ সম্পাদক সালার খান কাকার বলেছেন, এ হামলায় তেহরিক-ই-ইনসাফের তিনজন কর্মী শহীদ হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।
এর আগে রাষ্ট্রীয় গোপন বার্তা ফাঁসের মামলায় (সাইফার) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দেয় দেশটির বিশেষ আদালত।
মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এই মামলার রায় ঘোষণা করেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এই রায়ের মাধ্যমে দ্বিতীয়বার দণ্ডিত হলেন ইমরান খান।
২০২২ সালে ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত করেছিলো বিরোধীরা। ইতিমধ্যেই সেই দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরে তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।