দক্ষিণ কোরিয়ায় আবারও ভেঙে পড়লো মার্কিন যুদ্ধবিমান

দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে আবারও মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এর পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এক মাসের ব্যবধানে দেশটিতে দ্বিতীয় এফ-১৬ বিধ্বস্ত হওয়ার ঘটনা এটি।

বুধবার দেশটির উত্তর জিওলা প্রদেশের গুনসানের কাছে এই দুর্ঘটনা ঘটে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। 

মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ৮ম ফাইটার উইংয়ে নিযুক্ত একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন সাগরের ওপর ‘জরুরি পরিস্থিতির’ সম্মুখীন হয় এবং একপর্যায়ে বিধ্বস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় এক ঘণ্টা পর পাইলটকে জীবিত উদ্ধার করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।  

৮ম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল ম্যাথিউ গেটকে পাইলটকে নিরাপদে উদ্ধার কাজে সহযোগিতা জন্য দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে গত বছরের ডিসেম্বরেও নিয়মিত প্রশিক্ষণ উড়ানের সময় একটি এফ-১৬ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল।