এইচএন্ডএমের নতুন সিইও হলেন এরভার

সুইডিশ ফ্যাশন হাউজ এইচএন্ডএম গ্রুপের নতুন প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেলেন ড্যানিয়েল এরভার।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হঠাৎ করে সিইও নতুন নিয়োগ দেওয়ার সংবাদটি এইচএন্ডএমের বিনিয়োগকারীদের কাছে অপ্রত্যাশিত ছিলো। 

কোম্পানিটির আগের সিইও হেলেনা হেলমারসনের স্থলাভিষিক্ত হবেন ড্যানিয়েল এরভার। হেলমারসন কোম্পানির বিভিন্ন পদে ২৬ বছর এবং সিইও হিসেবে আরও চার বছর কর্মরত থাকার পর পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে ড্যানিয়েল ১৮ বছর ধরে এইচএন্ডএমে কাজ করেছেন। এর আগে তিনি কোম্পানিটির মূল ব্র্যান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিইও'র দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আগের পদেও বহাল থাকবেন। 

এইচএন্ডএমের সাবেক সিইও হেলেনা হেলমারসন (বাঁয়ে) ও বর্তমান সিইও ড্যানিয়েল এরভার।

এমন সময় কোম্পানিটিতে নেতৃত্বের এই পরিবর্তন এলো, যখন এইচএন্ডএমের ডিসেম্বর এবং জানুয়ারির বড়দিনের আয় আগের বছরের তুলনায় প্রায় চার শতাংশ কমেছে। 

স্থানীয় সময় বুধবার সকালে ওয়ানফাইভটু সুইডিশ ক্রোনে কোম্পানিটির শেয়ার ৯ দশমিক ৮ শতাংশ কমেছে। যা গেলো ৯ মাসের মধ্যে তাদের এক দিনের সবচেয়ে বড় ক্ষতি।

চলতি বছর ১০ শতাংশের অপারেটিং মার্জিনে পৌঁছানোর লক্ষ্য রাখছে এইচএন্ডএম। কিন্তু তারা ইন্ডিটেক্স ও কম দামের চীনা ফাস্ট ফ্যাশন জায়ান্ট শিনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে।