ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও তিনজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার গভীর রাতে রুশ বাহিনী শেডেড ড্রোন দিয়ে খারকিভের একটি তেল ডিপোতে এই হামলা চালায়। হামলার পর শহরের বেশ কিছু ভবনে আগুন লেগে যায়। এতে অন্তত ১৫টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
খারকিভের আঞ্চলিক ডেপুটি পুলিশ প্রধান সের্হি ব্লোভিনভ বলেছেন, নিহতদের মধ্যে বাবা-মা ও তাদের তিন ছেলে সন্তান রয়েছে। যারা তাদের বাড়িতে আগুনে পুড়ে মারা গেছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই কর্মকাণ্ডের জন্য রাশিয়াকে 'ন্যায্য জবাব’ দেয়া হবে।
এ হামলায় ওলেকসি (৭), মাইখাইলো (৪) ও সাত মাস বয়সী পাভলো নামে তিন শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
শহরের পূর্ব নেমিশ্লিয়ানস্কি জেলার সেই কোটেলনা রাস্তায় আগুনে পুড়ে যাওয়া আরেকটি বাড়িতে একজন বয়স্ক দম্পতি নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি ভিডিও বার্তায় মেয়র তেরেখভ বলেছেন, রাশিয়ার আগ্রাসন আমাদের শহরকে ধ্বংস করছে। কিন্তু আমরাই জিতব।
তিনি আরও বলেন, এই হামলায় ৫৭ জন স্থানীয় বাসিন্দা তাদের বাড়িঘর, টাকা-পয়সা, ব্যক্তিগত জিনিসপত্র সব কিছু হারিয়েছেন।
খারকিভ রাশিয়ান সীমান্তের কাছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। সম্প্রতি এই অঞ্চলে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে মস্কো।