ইসরাইলের স্পর্শকাতর গোয়েন্দা ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার হিজবুল্লাহর এক বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেস টিভি।
বিবৃতিতে বলা হয়েছে, গাইডেড রকেট ব্যবহার করে দখলদার ইসরাইলের আল-রাডার সামরিক ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে।
এর আগে রোববার ইসরাইলি সামরিক বাহিনীর ব্রেইন্ট ব্যারাকে ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
অপর এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইসরাইলের আল-এবাদ গোয়েন্দা স্থাপনায়ও তারা হামলা চালিয়েছে।
এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।
এর জবাবে ইসরাইলে হামলা চালিয়ে আসছে শিয়াপন্থি সংগঠনটি। এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এ পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে ১০০০ এর বেশি হামলা চালিয়েছে।
লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা থামাবে না।