আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। চলতি বছরে এ নিয়ে পঞ্চম দফায় এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো কিম প্রশাসন।

ইউরোপভিত্তিক সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। 

দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ জেসিএস বিবৃতিতে জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ও মার্কিন গোয়েন্দা সংস্থা এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে বিস্তরিত জানার চেষ্টা করছে। 

উত্তর কোরিয়ার কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। 

এদিকে এ ঘটনার পরপরই সিউল তাদের নিরাপত্তা আরও বেশি জোরদার করেছে।

তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।

সাম্প্রতিক মাসগুলোতে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটতে দেখা যাচ্ছে। উভয়পক্ষ উত্তেজনা কমিয়ে আনার চুক্তি থেকে বেরিয়ে এসেছে। সেই সঙ্গে সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে এবং লাইভ-ফায়ার মহড়া চালাতেও দেখা যাচ্ছে। পিয়ংইয়ং এ পরিস্থিতিকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছে।