শরীরে পানিশূন্যতার অভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
আর এ কারণেই উত্তরপ্রদেশের চান্দাউলিতে ভাই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় তিনি অংশ নিতে পারেননি বলে হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে প্রিয়াঙ্কার অসুস্থতার বিষয় নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। দলটির নেতারা বলছেন যে, ভাইবোনের সম্পর্কে শত্রুতা তৈরি হয়েছে। এই কারণে রাহুলের সঙ্গে ন্যায় যাত্রায় সঙ্গী হচ্ছেন না প্রিয়াঙ্কা।
নিজের এক্স হ্যান্ডেলে শনিবার প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, অপেক্ষায় ছিলাম কখন উত্তরপ্রদেশে ভাই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রবেশ করবে । কিন্তু অসুস্থ হয়ে পড়ায় আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
তবে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেয়া রাহুল গান্ধী ও অন্য কংগ্রেস নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। বলেছেন, খানিকটা সুস্থ হলেই রাহুলের সঙ্গে যোগ দেবেন তিনি।
রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রা শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশে প্রবেশ করেছে। সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধী মণিপুর থেকে মুম্বই পর্যন্ত এবারের ভারত জোড়া যাত্রার নেতৃত্ব দিচ্ছেন।
ভারত জোড়ো বর্তমানে উত্তরপ্রদেশের ভেতর দিয়ে যাচ্ছে। সোমবার আমেঠি হয়ে বাদোহি, প্রয়াগরাজ, প্রতাপগড়ের উপর দিয়ে এ যাত্রা এগিয়ে যাবে। ওইদিনই নিজের সংসদীয় আসন আমেঠির গৌরীগঞ্জে জনসভা করবেন রাহুল।
পরদিন মঙ্গলবার ভারত জোড়ো পৌঁছাবে রায়বরেলিতে। সেখান থেকে যাবে লখনউতে, যেখানে রাত্রিযাপন করবেন রাহুল।
২০২২ সালে সেপ্টেম্বরে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। বিজেপি শাসনের বিরুদ্ধে ভারতীয়দের ঐক্যবদ্ধ করতে এ পদযাত্রার নেতৃত্বে দিচ্ছেন রাহুল গান্ধী।
এবার দ্বিতীয় দফায় ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে গত ১৪ জানুয়ারি। আগামী ২০ মার্চ শেষ হবে মহারাষ্ট্রে।
রাহুল ও কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে। তবে এই কর্মসূচি কতটা সফল হবে, তা বোঝা যাবে আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের সাধারণ নির্বাচনে।