রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি রক্ত জমাট বাঁধার কারণে মারা গেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের গোয়েন্দা প্রধান। এমন বিস্ফোরক মন্তব্যের মধ্যদিয়ে নাভালনিকে কারাগারে হত্যার করার জল্পনাকে কার্যত অস্বীকার করলেন তিনি।
ইউক্রেনের গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে।
এর আগে রোববার বুদানভ সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি হয়ত আপনাদের হতাশ করতে পারি, তবে আমরা জানি যে তিনি রক্ত জমাট বাঁধার কারণে মারা গেছেন।
নাভালনির মৃত্যুর বিষয়ে তিনি মোটামুটি নিশ্চিত বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।
তবে তিনি কীভাবে এ বিষয়ে এতোটা নিশ্চিত হলেন তা স্পষ্ট করেননি বুদানভ।
এর আগে গেলো ১৬ ফেব্রুয়ারি আর্কটিক সার্কেলের উত্তরে একটি কারাগারে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার পর নাভালনির মৃত্যু হয় বলে রুশ কারা কর্তৃপক্ষ জানায়। কিন্তু নাভালনির পরিবার ও তার সমর্থকরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই মৃত্যুর জন্য দায়ী করেছেন।
গত এক দশকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা ছিলেন অ্যালেক্সেই নাভালনি। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে দেখা হতো তাকে। পুতিন ও ক্রেমলিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি আন্দোলন করে আসছিলেন। যার ফলস্বরূপ রাশিয়ার একটি আদালত তাকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছিলো।
গত বছরের শেষের দিকে নাভালনিকে বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে স্থানান্তর করা হয়েছিলো। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ৪৭ বছর ছিলো।
সবশেষ শনিবার অ্যালেক্সি নাভালনির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।