গাজায় নিহত আরও ৮৩, নেতানিয়াহুর মুখে হুঙ্কার

ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন যেন মৃত্যু উপত্যকা হয়ে উঠেছে। প্রতিদিনই ঘটছে মৃত্যু। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরাইলি হামলায় আরও ৮৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, এ নিয়ে গাজায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৮০০। আন্তর্জাতিক মহল ইসরাইলকে এ ‍যুদ্ধ বন্ধের  চাপ ও আহবান জানালেও উল্টো হুঙ্কার দিচ্ছেন নেতানিয়াহু।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানায়, গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আহত হয়েছেন আরও ১৪২ জন। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। 

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে গাজাসহ রাফায় হামলা বন্ধের চাপসহ আহবান জানানো হলেও তাতে কান দিচ্ছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।

তার বরাত দিয়ে বৃহস্পতিবার দ্যা গার্ডিয়ান জানিয়েছে, হামলা বন্ধে আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করবেনা ইসরাইল। হামাসের বিরুদ্ধে রক্ষক্ষয়ী আক্রমণ চলবে।

দক্ষিণ ইসরায়েলে একটি সামরিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক চাপ রয়েছে এবং তা বাড়ছে। রাফা গাজা হামাসের শেষ শক্ত ঘাঁটি। যারা রাফায় আক্রমণ করতে না করছে, তারা আসলে আমাদের যুদ্ধে হারতে বলছে। কিন্তু তা কখনওই হবে না। 

২০২৩ সালের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সঙ্কটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।