রাশিয়ার ৮৩ শতাংশেরও বেশি মানুষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। সম্প্রতি জনমত ফাউন্ডেশন-এফওএম পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য।
শনিবার এফওএম এর এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, জরিপে অংশ নেওয়া ৮৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা পুতিনের প্রচেষ্টাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। পুতিনের প্রতি রাশিয়ার প্রায় ৮২ শতাংশ মানুষের আস্থা রয়েছে।
এদিকে জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ রাশিয়ান বলছেন, তারা পুতিন সরকারের কাজকে পুরোপুরি সমর্থন করে। রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনকে সমর্থন করেন ৬১ শতাংশ মানুষ।
এদিকে ৫৩ শতাংশ উত্তরদাতা পুতিনের দলকে ভোট দেবেন বলেও জানান।
২০২৪ সালের ১ থেকে ৩ মার্চ পর্যন্ত রাশিয়ার ৫৩টি অঞ্চলের প্রাপ্তবয়স্ক ১,৫০০ মানুষের মধ্যে এ জরিপ চালানো হয়।