অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরাইলের একজন ব্রিগেড কমান্ডার ও উগ্রপন্থী ইসরাইলি মন্ত্রী স্মোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছে। এ নিয়ে গাজায় গণহত্যা চালাতে গিয়ে মোট ২৪৮ দখলদার সেনা নিহত হলো; যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে হামাস।
রোববার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার রাতে ইসরাইলি সেনাবাহিনী স্মোটরিচের চাচাতো ভাইয়ের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলি সেনাবাহিনী এক ঘোষণায় বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার এক সংঘর্ষে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছে। ৪৩ বছর বয়সী এই দখলদার সেনা কর্মকর্তা ইসরাইলের ‘ওজ’ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলো। একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছে এবং তাকে ইসরাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুদ্ধবাজ ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার উগ্র অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচ নিজের এক্স পেজে দেয়া এক পোস্টে জানিয়েছেন, নিহত মেজর অ্যামিশার তার আপন চাচাতো ভাই। তিনি গত গ্রীষ্মে নিহত সেনার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, অ্যামিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো।
নিহত ইসরাইলি সেনা কমান্ডার জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি ‘এলি’র অধিবাসী ছিলো।
শনিবার তার নিহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর এলি’র মেয়র অ্যারিয়েল এলমালিয়াচ লিখেছেন, অ্যামিশারের নিহত হওয়ার খবর ছিলো তার বুকে ছুরি বসিয়ে দেয়ার মতো আঘাত। অ্যামিশারের সঙ্গে তিনি একটি সামরিক একাডেমিকে অংশ নিয়েছিলেন।
গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে এর আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক জ্ঞাতি ভাই নিহত হয়। এরপর নিহত হয় ইসরাইলের এক সাবেক সেনাপ্রধানের ছেলে।