ভারতের পর এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানও। চীনের সহায়তায় দেশটির পতাকাখচিত প্রথম মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে যাচ্ছে। পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি (আইএসটি) জানিয়েছে, পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন শুক্রবার শুরু কবে।
এদিন, স্থানীয় দুপুর ১২টা ৫০ মিনিটে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে পাকিস্তানের প্রথম মহাকাশযানটি। এর জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছে দেশটি। তবে পাকিস্তানের মাটি থেকে সেটি উৎক্ষেপন করা হবে না। চীনের মাটি থেকে পাকিস্তানের চন্দ্রযানটি মহাকাশের দিকে যাত্রা শুরু করবে।
চীনের তৈরি চ্যাং ওঁ-৬ চন্দ্রযানে করে দেশটির হাইনান প্রদেশের উৎক্ষেপণকেন্দ্র থেকে চাঁদের দিকে যাত্রা শুরু করবে পাকিস্তানের মহাকাশযানটি। পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেয়া হয়েছে আইকিউব-কিউ। আইএসটি জানিয়েছে, পাকিস্তানের আইকিউব-কিউ মহাকাশ স্যাটেলাইটটি তৈরি করেছে তারা।
পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রকল্পে সহায়তা করেছে চীনের সাংহাই বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো। আইকিউব-কিউয়ে দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে বলেও জানিয়েছে তারা।
প্রয়োজনীয় গুণগত পরীক্ষা-নিরীক্ষা শেষে আইকিউব-কিউকে এরই মধ্যে চ্যাং ওঁ-৬ রকেটের সঙ্গে একীভূত করা হয়েছে। আইএসটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে এই উৎক্ষেপণের বিষয়টি সরাসরি সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের প্রথম দেশ হিসেবেও চাঁদে মিশন পাঠানোর গৌরব অর্জন করে দেশটি। এবার উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে মিশন পাঠাতে যাচ্ছে পাকিস্তান।