প্রতি বছর পবিত্র হজ পালন করতে, সারা বিশ্বের মুসলমানরা মক্কায় ভ্রমণ করেন। গেলো বছর, হজ পালন করতে ১৮ লাখ মুসল্লি সৌদি আরবে উড়ে গিয়েছিলেন। এরি মধ্যে শুরু হয়েছে চলতি বছর হজের মৌসুম। সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গেলো বৃহস্পতিবার ভারত থেকে আগত ২৮৩ হজযাত্রীর প্রথম ব্যাচ অবতরণ করেছে। হাজিদের বরণে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।
সৌদি পরিবহন ও লজিস্টিক পরিষেবামন্ত্রী প্রকৌশলী সালেহ আল-জাসের জানান, বাইরে থেকে আসা হজযাত্রীদের সর্বোচ্চ পরিবহন পরিষেবা দিতে সৌদির সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং তা হজের মৌসুম শেষ হওয়া পর্যন্ত থাকবে। হাজিদের সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রা সম্পাদন করে নিরাপদে নিজ দেশে প্রেরণের ব্যাপারে সৌদি আন্তরিক বলেও জানান তিনি।
এরই মধ্যে মদিনায় অবতরণ করেছে হাজিদের বেশ কয়েকটি কাফেলা। মসজিদে নববীর ধর্ম ও দ্বীন বিষয়ক বিভাগের পক্ষ থেকে হজযাত্রীদের স্বাগত জানানো হচ্ছে। মসজিদে নববী প্রাঙ্গণে আগত হজ যাত্রীদের পবিত্র কুরআন ও ফুল বিতরণ করা হয়েছে। মসজিদে নববীর ধর্ম ও দ্বীন বিষয়ক বিভাগের সেক্রেটারি ড. মুহাম্মদ আল খাদিরি হজ যাত্রীদের বিভিন্ন কাফেলার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদের সবার হাতে একটি করে আল-কুরআন ও অন্যান্য ধর্মীয় পুস্তকের অনুবাদ উপহার দেন। এবছর হজ যাত্রীদের সুবিধার্থে সৌদি আরবের ধর্মীয় বিভাগের পক্ষ থেকে নিত্য-নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। হাজিদের সুবিধার্থে ছয়টি বিমানবন্দরে ৭ হাজার ৭০০ ফ্লাইট এবং ২৭ হাজার বাস সার্ভিসের ব্যবস্থা করেছে সৌদি আরব।
হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য রয়েছে উচ্চ গতির বিশেষ রেল ও মেট্রো ব্যবস্থা। চলতি ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি মানুষ হজ করতে সৌদিতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আর দেশটির অভ্যন্তরে এ বছর হজ করতে পারেন অন্তত ১০ লাখ মানুষ। এই ৩০ লাখ মানুষকে যথাযথ পরিষেবা প্রদানের চুড়ান্ত প্রস্তুতির পর্যায় পার করছে সৌদির বিভিন্ন সরকারি পরিষেবা সংস্থা।
প্রসঙ্গত, ইতিমধ্যে ৪১৯ হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট সউদি আরবে পৌঁছেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। সউদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি-৩৩০১ এ কাবার উদ্দেশে যাত্রা করে ৪১৫ জন হজযাত্রী নিয়ে। গেলো বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে তাদের নিয়ে ছেড়ে গেছে ফ্লাইটটি। এ ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজ-২০২৪ এর যাত্রী পরিবহন শুরু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস।