প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে সরাচ্ছেন পুতিন 

দীর্ঘদিনের মিত্র সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন উপ-প্রধানমন্ত্রী আন্দ্রে বেলোসোভ।

৬৮ বছর বয়সী শোইগু গত ১২ বছর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পুতিনের বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন এবং তাকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব করা হতে পারে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রায় আড়াই বছর ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শোইগু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

পুতিনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক সের্গেই শোইগুর, রাশিয়ার প্রেসিডেন্ট তাকে সঙ্গে নিয়ে প্রায়ই সাইবেরিয়ায় মাছ ধরতে যান।

পুতিন এখন চাচ্ছেন যে, রাশিয়ার শক্তিশালী নিরাপত্তা পরিষদের দায়িত্ব দেখভাল করুক শোইগু। বর্তমানে এই দায়িত্বে আছেন নিকোলাই পাত্রুশেভ।

তবে সের্গেই শোইগুকে নতুন দায়িত্বে আনা হলে পাত্রুশেভকে কোথায় পাঠানো হবে, তা অবশ্য এখনো পরিষ্কার নয় বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শোইগুর সামরিক বাহিনীতে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে শীর্ষ জেনারেলদের সমপর্যায়ের প্রতিরক্ষা পোর্টফোলিও দেওয়া হয়েছিল।

পেশাদার সিভিল ইঞ্জিনিয়ার শোইগু প্রথম আলোচনায় আসেন ১৯৯০ দশকের দিকে জরুরি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রধানের দায়িত্ব নেওয়ার পর। ওই সময় তার কাজের খ্যাতি ছড়িয়ে পড়ে।