ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে মালদহ জেলায় হঠাৎ করেই বজ্রপাতসহ ভারী বৃষ্টি শুরু হয়। এসময় পুরোনো মালদহের একটি আম বাগানে আম কুড়াতে গিয়েছিলেন বেশ কয়েকজন। সেসময় বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- চন্দন সাহানি, মনোজিৎ মণ্ডল ও রাজ মৃধা।
এদিন মালদহের গাজোলে আদিনা আমবাগানে বজ্রপাতে অসিত সাহা নামক একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়।
মানিকচক ব্লকে প্রাণ গেছে রানা শেখ ও শেখ সাবরুল নামের দুই শিশুর ও অতুল মণ্ডল নামক এক বৃদ্ধের।
রতুয়া থানা এলাকায় বৃষ্টির মধ্যে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় সুমিত্রা মণ্ডল নামে এক নারীর।
হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশাডাঙ্গা গ্রামে চাষের কাজ করতে গিয়ে স্বামী-স্ত্রী নয়ন রায় ও প্রিয়াঙ্কা রায়ের মৃত্যু হয়।
এছাড়া ইংলিশ বাজারে পঙ্কজ মণ্ডল নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
অন্যদিকে বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।
জেলা প্রশাসন মৃতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।