ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ফিরলেন আহমাদিনেজাদ

ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আনুষ্ঠানিকভাবে ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তার প্রার্থীতা জমা দিয়েছেন। ২৮ জুন বেছে নেয়া হবে প্রায়ত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি।  রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচনী সদর দফতরে আহমেদিনেজাদ তার মনোয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের পর আহমাদিনেজাদ বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ইরানের সমস্যাগুলো সমাধানে মনোযোগ দেবেন। এর আগে ২০১৭ ও ২০২১ সালেও প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে বাদ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন শুরু হয়।

সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন। নির্বাচন হবে ২৮ জুন। ১১ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ইরানের অভিভাবক পরিষদ। ধারণা করা হচ্ছে, আহমাদিনেজাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে। কারণ, তিনি ইরানের সর্বোচ্চ নেতার আর্শীবাদপুষ্ট নন।

iran2

ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলেছে, আহমাদিনেজাদ প্রার্থিতা নিবন্ধন করলেই যে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন এই বিষয়টি নিশ্চিত নয়। অতীতের মতো এবারও এই নিবন্ধন পর্যালোচনা করবে দেশটির শক্তিশালী অভিভাবক কাউন্সিল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে অভিভাবক কাউন্সিলই ইতিপূর্বে আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিল করে দিয়েছিল।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রক্ষণশীল রাজনীতিবিদ মাহমুদ আহমাদিনেজাদ। কিন্তু পরবর্তী নির্বাচনগুলোতে তাঁকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি ইরানের প্রভাবশালী অভিভাবক কাউন্সিল।

আহমাদিনেজাদ ছাড়াও এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারিজানি। এ ছাড়া আহমাদিনেজাদের আমলে ভাইস প্রেসিডেন্ট মাসৌদ জারিবাফান সহ আরও ৮ জন প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে তেহরানের মেয়র আলীরেজা জাকানি এবং ইরানের ইসলামিক রিভ্যুলিউশনারি গার্ডসের সাবেক কমান্ডার ভাহিদ হাগানিয়ানও রয়েছেন।