গৃহিনী থেকে মন্ত্রী, অন্নপূর্ণার বিষ্ময়কর উত্থান

ভারতের নতুন মন্ত্রিসভায় নারীর অংশগ্রহন কমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছেন সাত নারী। এর আগের মন্ত্রিপরিষদে ১০ জন নারী মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন। তবে এবার বেশ কয়েকজন নারী সদস্য মন্ত্রিসভায় সুযোগ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পর আরেক যে নারী পূর্ণমন্ত্রী হয়েছেন তিনি হলেন অন্নপূর্ণা দেবী। স্বামী মারা যাবার পর তিনি বিজেপি রাজনীতির সঙ্গে নাম লেখান। আগে আরজিডির সঙ্গে যুক্ত ছিলেন। অন্নপূর্ণা ঝাড়খন্ড এবং বিহার দুই রাজ্যেই মন্ত্রিসভার সদস্য কাজের অভিজ্ঞতা রয়েছে।

এছাড়া সামনেই ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপির পক্ষে সমর্থন আদায়ে তাঁকে গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঝাড়খণ্ডের কোদেরমা থেকে জয়ী বিজেপি সংসদ সদস্য হন অন্নপূর্ণা। নিজ রাজ্যে অন্নপূর্ণা একজন জনপ্রিয় রাজনীতিক হিসাবেই পরিচিত।

2

যদিও রাজনীতিতে অন্নপূর্ণার শুরুটা মোটেও চমকপ্রদ ছিলো না। ১৯৯৮ সালে আরডেডি বিধায়ক তথা স্বামী রমেশ যাদবের মৃত্যুর পরেই রাজনীতিতে পা দিয়েছিলেন তিনি। সেখান থেকে ধীরে ধীরে আজকে মন্ত্রিসভায় নাম লিখিয়েছেন তিনি। পাড়ি দিতে হয়েছে অনেক চড়াই উৎরাই।

স্বামীর মৃত্যুর পর অনেকটা 'বাধ্য' হয়ে রাজনীতিতে আসেন অন্নপূর্ণা দেবী। এরপর ধীরে ধীরে উত্থান। এবার মোদী মন্ত্রিসভায় জায়গা করে নিলেন তিনি। পেয়েছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্ব, এই দায়িত্ব আগেরবার সামাল দিয়েছিলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা স্মৃতি ইরানি।

আমেথিতে মর্যাদার লড়াইয়ে হেরে যান সাবেক এই টিভি সিরিয়ালখ্যাত এই অভিনেত্রী। প্রথমবার নির্বাচনে দাঁড়ানো কংগ্রেসের প্রার্থীর কাছে হেরে যাওয়ার বিষয়টি ভারতের রাজনীতিতে এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। মর্যাদার লড়াইয়ে কার্যত মুখ পুড়েছে বিজেপির। তাই মুখ ফিরিয়ে নিয়েছে দলটি।

3

১৯৯৮ সালে কোদেরমায় উপনির্বাচনে জিতে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন অন্নপূর্ণা দেবী। তাঁর স্বামীর মৃত্যুর পর আসনটি ফাঁকা পড়েছিলো। তখন লালু যাদবের আমলে অবিভক্ত বিহারে আরজেডি’র টিকেটে জয়ী হন তিনি। তারপর থেকে অন্নপূর্ণ দেবী চারবার বিধানসভার ভোটে জিতেছেন।

২০০০, ২০০৪, ২০০৫ ও ২০০৯ সালে আরজেডি’র হয়ে বিধানসভায় যান। ২০১২ সালে তিনি ঝাড়খণ্ডের মন্ত্রি হন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি আরজেডি’র ঝাড়খণ্ড ইউনিটের প্রধান ছিলেন। এরপর বিজেপির টিকেটে কোদেরমা থেকে লোকসভা ভোটে লড়াই করেই জয় পেয়ে যান।

বিশাল ব্যবধানে বাবুলাল মারাণ্ডিকে হারিয়ে 'জায়ান্ট কিলারে' পরিণত হন অন্নপূর্ণা। এবারের লোকসভা নির্বাচনেও বড় ব্যবধানে জিতেছেন। প্রায় আট লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তাঁন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই-এমএল এর প্রার্থী বিনোদ কুমারকে।

4

ধারণা করা হচ্ছে, পরপর দুইবার লোকসভা নির্বাচনে জয়ী হবার পাশাপাশি ঝাড়খন্ডের ওবিসি মুখে পরিণত হবার পুরস্কার হিসাবে মোদী মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন অন্নপূর্ণা দেবী। অবশ্য তিনি মোদীর দ্বিতীয় মন্ত্রিপরিষদেও সদস্য ছিলেন। সামাল দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী হিসাবে।