রাশিয়ার বিশ্বস্ত অংশীদার ভিয়েতনামে পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর-পশ্চিম এশিয়া সফরের অংশ হিসেবে এবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছেছেন। এর আগে তিনি উত্তর কোরিয়া সফর করেছেন। সেখানে পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কৌশলগত সহযোগিতার একটি চুক্তিতে সই করেছেন।

পুতিনের এই সফর নিয়ে বেজায় আপত্তি তুলেছিলো যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, পুতিন যাতে ভিয়েতনামে না যায় সেজন্য আহবানও জানিয়েছিলো ওয়াশিংটন। কিন্তু কেন পুতিন আমেরিকার আপত্তি শুনতে যাবেন? উল্টো সেসব পাত্তা না নিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে ব্যস্ত সময় পার করছেন পুতিন।

ভিয়েতনাম ও রাশিয়ার দুই শীর্ষ নেতা বলেছেন, তারা সম্পর্ক আরও জোরদার করতে চান। রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট তো ল্যাম। জবাবে পুতিন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার রাশিয়ার অন্যতম অগ্রাধিকার।

putin1

বিবিসি এক প্রতিবেদনে বলেছে, উত্তর কোরিয়ার পর ভিয়েতনামে পুতিনের সফর রাশিয়ার প্রতি অঞ্চলটির কূটনৈতিক সহযোগিতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পুতিনকে লালগালিচা সংবর্ধনা দেয়ার পর প্রেসিডেন্ট ল্যাম বলেন, সাম্প্রতিক নির্বাচনে ব্যাপক জনসমর্থন লাভের জন্য কমরেডকে অভিনন্দন।

রাশিয়ার সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক ১৯৫০ দশক থেকে। তখন সোভিয়েত ইউনিয়ন উত্তর ভিয়েতনামকে উল্লেখযোগ্য সামরিক ও অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা করেছিল। রাশিয়ার সঙ্গে সম্পর্ককে আনুগত্য এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ হিসেবে বিবেচনা করে ভিয়েতনাম।

দেশটির অনেক নেতা রাশিয়ায় পড়াশোনা করেছেন। অর্থনীতি বিশ্ববাজারে একীভূত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ এবং চীনের তুলনায় রাশিয়াকে কম উল্লেখযোগ্য বাণিজ্য অংশীদার করে তুলেছে ভিয়েতনাম। তবে ভিয়েতনাম এখনো প্রাথমিকভাবে রাশিয়ার সামরিক সরঞ্জাম ব্যবহার করে।

putin2

ভিয়েতনাম এখনো রাশিয়ার সঙ্গে তার ঐতিহাসিক সম্পর্ককে মূল্যায়ন করে। পাশাপাশি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতেও কাজ করে যাচ্ছে। হ্যানয়ের রাজনৈতিক জেলায় রাশিয়ার বিপ্লবী লেনিনের একটি পাঁচ মিটার উঁচু ভাস্কর্য রয়েছে, যেটি সোভিয়েত আমলে উপহার হিসাবে পাওয়া।

ইউক্রেনে রুশ আগ্রাসন ভিয়েতনামকে কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। তারা জাতিসংঘে রাশিয়াকে নিন্দা জানিয়ে উত্থাপিত অনেকগুলো খসড়ায় ভোটদান থেকে বিরত থেকেছে। তবে ইউক্রেনের সঙ্গেও তারা ভালো সম্পর্ক বজায় রাখছে; এমনকি কিয়েভে অল্পবিস্তর ত্রাণও পাঠিয়েছে তারা।

বৃহস্পতিবার উত্তর কোরিয়া থেকে রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামের রাজধানী হ্যানইয়ে পৌঁছান ভ্লাদিমির পুতিন। দেশটিতে এটা রুশ নেতার পঞ্চম সফর। চলতি সফরে তার সঙ্গে একটি উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধি দল রয়েছে। তারা ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।