ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।
শনিবার দিল্লির স্থানীয় সময় সকাল ৯টার দিকে শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতিসহ সরকারের মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
রাইসিনা হিলে শেখ হাসিনাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
এরপর প্রধানমন্ত্রীকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা ও গার্ড অব অনার। এ সময় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সশস্ত্র সালাম গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন করেন। এসময় ব্যান্ডে বাজানো হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ গানটি।
রাষ্ট্রপতি ভবনের এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান। সেখানে তিনি মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
পরে তিনি হায়দ্রাবাদ হাউসে যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-ভারতের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এরপর দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতি দেওয়ার সূচি রয়েছে।
পরে হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনা তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন। দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতে সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন। সেখানে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ সময় রাত ৯টায় ঢাকা পৌঁছাবেন।
তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর নরেন্দ্র মোদীর সাথে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে এলেন শেখ হাসিনা। এর আগে ৯ জুন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও শেখ হাসিনা উপস্থিত ছিলেন।