বিশ্বজুড়ে নাভিশ্বাস তোলা করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেলটায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, গবেষণায় দেখা গেছে- ডেলটার কারণে শিশুদের জন্য নতুন করে কোনো ঝুঁকি সৃষ্টি হয়নি। খবর এনডিটিভির।
গতকাল শুক্রবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির কোভিড ১৯ টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখোভ।
সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, একটা বিষয়ে আমাদের সবার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন; আর তা হলো- ডেলটা ধরন শিশুদের সেভাবে আক্রমণ করে না। বরং, যারা করোনা টিকার ডোজ নেননি কিংবা নিলেও স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ববিধি ঠিকমতো মেনে চলেন না, তাদের এই ধরনটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
তিনি আরও বলেন, করোনাভাইরাসের পরিবর্তিত ধরন বা প্রজাতিসমূহের মধ্যে বর্তমানে বিশ্বজুড়ে ছয়টি ধরনের আধিপত্য চলছে। গ্রিক বর্ণমালা অনুসারে এই ধরনগুলোর নাম দেওয়া হয় আলফা, বিটা, গ্যামা, ডেলটা, কাপ্পা ও ল্যাম্বডা।
ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে কোভিড-১৯ প্রাধান্য বিস্তারকারী ধরনের নাম ডেলটা ২০২০ সালের অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হয়। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের ১৩২ দেশে ডেল্টায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেল্টাকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে উল্লেখ করেছে।
আরও পড়ুন: লোকারণ্য বাংলাবাজার-শিমুলিয়া ঘাট, বাড়ানো হয়েছে ফেরি
শুক্রবারের সংবাদ সম্মেলনে মারিয়া ভ্যান কারখোভ জানান, ডেলটা ধরনের গঠন, কী কারণে এটি এত সংক্রামক এবং কোন শ্রেণির মানুষজনের এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি- এসব বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণা করছে ডব্লিউএইচও।
করোনা মহামারির কারণে বিশ্বের অনেক দেশে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানসূহ বন্ধ আছে, ফলে বিশ্বজুড়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে মারিয়া ভ্যান কারখোভ বলেন, মাহামারি পরিস্থিতিতে কিভাবে স্কুল ও শিক্ষপ্রতিষ্ঠানসমূহে নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব – এ বিষয়ক একটি পরিকল্পনা বা গাইডলাইন প্রস্তুতের উদ্যোগ নিয়েছে ডব্লিউএইচও।
একাত্তর/এসি