ভারতে সাত রাজ্যে উপনির্বাচনে ইনডিয়া জোটের ভূমিধস জয়

ভারতের লোকসভা নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবার বড়সড় ধাক্কা খেলো বিধানসভার উপনির্বাচনে। বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট এই নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে। দেশটির সাত রাজ্যের বিধানসভার ১৩টি আসনের ১০টিতেই জয় পেয়েছে ইনডিয়া জোট, আর বিজেপি জিতেছে মাত্র দুটিতে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, শনিবার ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইনডিয়া জোট জয়ী হতে চলেছে বলে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের চারটি বিধানসভাসহ ভারতের সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকেসহ ‘ইনডিয়া’ জোটের শরিকেরা মোট ১০টিতে জিতেছেন। বিজেপি পেয়েছে মাত্র দুটি আসন। আর বিহারের একটি আসনে জিতেছেন এক নির্দলীয় প্রার্থী।

পশ্চিমবঙ্গে উপনির্বাচনে এবার বিজেপির হাতছাড়া হয়েছে তিনটি আসন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলায় জিতেছে তৃণমূল।

এর আগে ২০২১ সালে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এই তিন আসন ছিলো বিজেপি দখলে। 

পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আরও ছয় রাজ্যের যে ৯টি বিধানসভার মধ্যে, হিমাচলের হামিরপুরে বিজেপি জিতেছে।

দেহরায় জিতেছেন কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ। নালাগড়েও জয়ী হয়েছে কংগ্রেস।

এছাড়া উত্তরাখণ্ডের দুটি আসন, বদ্রীনাথ এবং মঙ্গলৌরও গেছে কংগ্রেসের দখলে। উত্তরাখণ্ডের তীর্থক্ষেত্র বদ্রীনাথেও ধারাশায়ী হয়েছে বিজেপি।

পাঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভায় আম আদমি পার্টি (আপ) এবং তামিলনাড়ুর বিক্রবন্দীতে ডিএমকে জিতেছে। আর মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় জিতেছে বিজেপি।

এরআগে গত বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শুরু হয় ভোট গণনা।