ক্রাইমিয়া উপত্যকায় নোঙর করা রাশিয়ার একটি সাবমেরিন হামলা চালিয়ে ধ্বংস করার দাবি জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।
ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা কিলো ক্লাস সাবমেরিন ‘দ্য রুস্তভ-অন-ডন’ বন্দর নগরী সেভাস্তপোলে শুক্রবারের ওই হামলার পর ডুবে গেছে।
ধারণা করা হচ্ছে, রাশিয়ার কৃষ্ণ সাগরে মোতায়েন থাকা চারটি সাবমেরিনের একটি হলো এই সাবমেরিন, যা ক্যালিবার ক্রুজ মিসাইল নিক্ষেপে সক্ষম।
তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোন মন্তব্য করেনি।
বিবিসির খবরে কিয়েভের কর্মকর্তাদের বরাতে বলা হয়, তাদের হামলায় ক্রাইমিয়ায় রাশিয়ার চারটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়েছে। রাশিয়া ২০১৪ সালে ওই উপত্যকা দখল করে নিয়েছিলো।
এর আগে যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তারা গত সেপ্টেম্বরে ক্ষেপণাস্ত্র হামলায় রুস্তভ-অন-ডন ‘সম্ভবত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে’ বলে উল্লেখ করেছিলো।
এটি তখন সেভাস্তপোল শিপইয়ার্ডে রক্ষণাবেক্ষণ কার্যক্রমেও আওতায় ছিলো।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, এরপর এটিকে সংস্কার করে সম্প্রতি সেভাস্তপোলের কাছে এর সক্ষমতাও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এর মূল্য প্রায় তিনশ’ মিলিয়ন ডলার বলেও জানিয়েছে তারা।